গাজার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর, নতুন করে যুদ্ধের শঙ্কা

গাজার ভঙ্গুর শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তার এই কঠোর সিদ্ধান্তের ফলে গাজায় বসবাসকারী ২০ লাখের বেশি ফিলিস্তিনির মানবিক দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রণীত ১৫ দফা শান্তি পরিকল্পনায় হামাসের অস্ত্র ত্যাগের শর্ত দেওয়া হয়েছিল। এর বিনিময়ে ধাপে ধাপে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সহায়তায় একটি টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি কমিটির কাছে গাজার প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের প্রস্তাব ছিল। তবে গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষণার পরও ইসরাইল গাজায় নিয়মিত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি যুদ্ধবিরতির দাবি থাকলেও গাজার ৭০ শতাংশেরও বেশি এলাকা বর্তমানে ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণে রয়েছে।

গত রবিবার নেতানিয়াহু কার্যত কূটনৈতিক প্রক্রিয়াকে অচল করে দিয়ে ঘোষণা করেন যে, হামাস “সত্যিকার অর্থে নিরস্ত্র” না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনারা গাজা থেকে প্রত্যাহার করা হবে না। ইসরাইলের গুরুত্বপূর্ণ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তার এই অবস্থান শান্তি প্রক্রিয়ার সামান্য আশাবাদকেও ধূলিসাৎ করে দিয়েছে।

গাজার রাজনৈতিক বিশ্লেষক ইয়াদ আল-কারা এই পরিস্থিতিকে অত্যন্ত ভয়ংকর বলে অভিহিত করেছেন। তার মতে, নেতানিয়াহুর এই অবস্থানের কারণে গাজায় আবারও ব্যাপক হত্যাকাণ্ড ও বোমাবর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ‘ইয়েলো লাইন’ বা ইসরাইলি বাফার জোনের কাছে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সম্ভাবনা ফিলিস্তিনিদের জীবনকে আরও সীমাবদ্ধ করে ফেলছে।

গাজার সরকারি মিডিয়া অফিস নেতানিয়াহুর এই ঘোষণাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার একটি পরিকল্পিত কৌশল হিসেবে বর্ণনা করেছে। এক বিবৃতিতে তারা অভিযোগ করেছে যে, ইসরাইল আলোচনা প্রক্রিয়াকে কেবল একটি “মিথ্যা রাজনৈতিক আবরণ” হিসেবে ব্যবহার করছে, যাতে নিজেদের ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় পাওয়া যায়। তাদের মতে, এটি আলোচনার ফলাফলের বিরুদ্ধে একটি প্রকাশ্য অভ্যুত্থান।

নেতানিয়াহুর ঘোষণার পর হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বোর্ড অব পিস এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অধীনে কূটনৈতিক প্রক্রিয়ায় নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখবে। তবে হামাস একই সঙ্গে সব পক্ষকে চুক্তি মেনে চলার জন্য জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে। ইয়াদ আল-কারা সতর্ক করেছেন যে, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যদি ইসরাইলের ওপর চাপ প্রয়োগে ব্যর্থ হন, তবে ফিলিস্তিনিদের সামনে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।