দাখিল পরীক্ষায় উল্লাপাড়ার ৩ মাদ্রাসায় কেউ পাশ করেনি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তিনটি মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো দক্ষিণপাড়া ভরমোহনী দাখিল মাদ্রাসা, সাতবিলা দাখিল মাদ্রাসা এবং কালিয়াকৈড় দাখিল মাদ্রাসা। এর মধ্যে দক্ষিণপাড়া ভরমোহনী দাখিল মাদ্রাসা থেকে ৪ জন, সাতবিলা দাখিল মাদ্রাসা থেকে ৬ জন এবং কালিয়াকৈড় দাখিল মাদ্রাসা থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

উপজেলার অন্যান্য মাদ্রাসার ফলাফলেও একই ধরনের বিপর্যয় দেখা গেছে। কোনাগাঁতী কে সি দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ১ জন। এছাড়া হাজী আবেদ আলী মেমোরিয়াল মহিলা মাদ্রাসা থেকে এ বছর ১২ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও অজ্ঞাত কারণে কোনো শিক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

ফলাফল বিপর্যয়ের বিষয়ে দক্ষিণপাড়া ভরমোহনী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল ও সাতবিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম জানান, প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠানগুলো অবস্থিত হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসে না। অনেক চেষ্টার পরেও তাদের পড়াশোনায় মনোযোগী করা সম্ভব হয় না, যার ফলে প্রতিষ্ঠানের ফলাফলে এমন ধস নেমেছে। কালিয়াকৈড় মাদ্রাসা সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, হাজী আবেদ আলী মেমোরিয়াল মহিলা মাদ্রাসার সুপার সুলতান মাহমুদ জানিয়েছেন, তার মাদ্রাসায় ১২ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও অজ্ঞাত কারণে তারা পরীক্ষায় অংশ নেয়নি।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস জানান, যেসব মাদ্রাসায় একজনও পাশ করেনি, প্রাথমিকভাবে সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পরবর্তীতে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হবে।