রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিএনপি এখনো কাউকে চূড়ান্ত করেনি বলে জানিয়েছেন সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চিফ হুইপ জানান, বিএনপির দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন এবং তাকেই দলের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচনের সময়সূচি তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা, বাছাই এবং তা প্রত্যাহারের তারিখ ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ প্রক্রিয়ার বিষয়ে তিনি জানান, সংসদের ভেতরেই ভোট হবে এবং সেখানেই বুথ থাকবে। সদস্যরা তাদের ক্রমিক নম্বর অনুযায়ী ভোট দেবেন। যদি দেখা যায় এক ঘণ্টার মধ্যে সব ভোট সম্পন্ন হয়ে গেছে, তবে আমরা দ্রুত ফলাফলের জন্য প্রস্তুতি নেব। আর যদি কোনো ভোট বাকি থাকে, তবে ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে।

