ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মজর আলী আকন্দ দাখিল মাদরাসার সকল পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই ফলাফলে স্থানীয় অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে চলতি বছর ৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। অন্যদিকে, শ্রীপুর গ্রামের মজর আলী আকন্দ দাখিল মাদরাসা থেকে ১১ জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। উভয় প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীই ফেল করেছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হলেও, মোট ৪টি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যার মধ্যে ফুলবাড়িয়ার এই দুটি প্রতিষ্ঠান রয়েছে।
মজর আলী আকন্দ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল খালেক আকন্দ এই ফলাফলের বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষার্থীদের অনিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং অভিভাবকদের অসহযোগিতাকে দায়ী করেছেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসতো না, এবং অভিভাবক সমাবেশ করেও অভিভাবকদের সাড়া পাওয়া যায়নি। এছাড়া শিক্ষার্থীদের মোবাইল আসক্তির কারণে ফলাফলের এই বিপর্যয় ঘটেছে।”
ফুলবাড়িয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুঞা এই বিষয়ে মন্তব্য করে বলেন, “শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর তেমন কার্যক্রম নেই এবং কাগজপত্রে শিক্ষার্থী দেখিয়ে পরীক্ষা দেওয়ানো হয়েছে।”

