সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ মন্ত্রিপরিষদের

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি জরুরি পরিপত্র জারি করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিপত্রে জানানো হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ।

এর আগে ৩ আগস্ট সচিবালয়ে আয়োজিত সৌর বিদ্যুৎবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। ওই সভায় সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎকে সাশ্রয়ী ও সহজলভ্য করতে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়ন এবং সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদানের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

সৌর প্যানেল স্থাপনের প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন এবং পরিকল্পনা কমিশন ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।