অভিনেত্রী সোহানা সাবা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজের বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ করতে না চাইলেও তিনি জানিয়েছেন, দেড় বছরেরও বেশি সময় আগে পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শুরুতে স্বামীর নাম গোপন রাখলেও পরবর্তীতে তিনি কেবল ‘ফয়সাল’ নামটি জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, সোহানা সাবার স্বামীর পুরো নাম ফয়সাল সামাদ। তিনি রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের ব্যবসার সঙ্গে যুক্ত। ফয়সাল সামাদ সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক। ২০২৩ সালে বিজিএমইএর নির্বাচনে তিনি সংগঠনটির জোট ফোরামের প্যানেল লিডার হিসেবে অংশ নিয়েছিলেন। এর আগে তিনি আনিসুল হক, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ ও রুবানা হকের নেতৃত্বাধীন বিজিএমইএর পরিচালনা পর্ষদে সহসভাতেও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
ব্যবসায়ী মহলের তথ্যমতে, ফয়সাল সামাদ এর আগে বিবাহিত ছিলেন। সে হিসাবে সোহানা সাবা ও ফয়সাল সামাদ—দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০২৩ সালের ৭ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে সোহানা সাবার নতুন প্রেমের সম্পর্কের কথা জানা গিয়েছিল, তবে তখন তিনি প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চাননি। অবশেষে এতদিন পর মঙ্গলবার দুপুরে তিনি নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহানা সাবা ও ফয়সাল সামাদের প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার জীবনের পর বিচ্ছেদ এবং ব্যক্তিগত টানাপোড়েন পেরিয়ে সাবা নতুন করে জীবন গুছিয়ে নিয়েছেন। সাবার আগের সংসারে একটি সন্তান রয়েছে। বিয়ের পর জীবন কেমন কাটছে জানতে চাইলে সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’
ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরু এবং কেন তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন—এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মনে হয়েছে এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন, প্রথম দেখাতেই। কিন্তু তাকে বা কাউকে সেটা বুঝতে দিইনি। সে-ই আমাকে নক করে ভালোবাসার কথা যখন জানায়, তখন তাকে “হ্যাঁ” বলেছি।’

