সাবাহর ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন হাইকমিশনার মনজুরুল করিম

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং লাভজনক বিনিয়োগের বিভিন্ন দিক তুলে ধরে সাবাহর ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

গত ১৪ আগস্ট হাইকমিশনার সাবাহর ব্যবসায়ী নেতাদের সঙ্গে দুটি পৃথক বৈঠক করেন। এর মধ্যে মালয়েশিয়া চায়না চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দাতুক ডেক্সটার লাও এবং ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিংয়ের চেয়ারম্যান লিয়াও হেন কংয়ের সঙ্গে তার আলোচনা হয়। বৈঠকগুলোতে সাবাহ রাজ্যে বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং যৌথ ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

হাইকমিশনার ব্যবসায়ী নেতাদের সামনে বাংলাদেশের বিশাল ভোক্তা বাজার, তরুণ ও দক্ষ জনশক্তি এবং তুলনামূলক কম উৎপাদন ব্যয়ের সুবিধাগুলো তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে আরও জোরদার করা সম্ভব। বিশেষ করে সাবাহর ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ ও বিনিয়োগের পরিবেশ সরেজমিন দেখার জন্য তিনি তাদের উৎসাহিত করেন।

এই ধারাবাহিকতায় ১৫ আগস্ট মালয়েশিয়া চায়না চেম্বার অব কমার্স ও সাবাহ বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি ব্যবসায়িক নেটওয়ার্কিং অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সাবাহ রাজ্যের শতাধিক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। হাইকমিশনার সেখানে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণির ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতা ও বিনিয়োগবান্ধব পরিবেশের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের চমৎকার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে সাবাহর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ভাইস চেয়ারম্যান, ডেপুটি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের দূতালয়প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন। হাইকমিশনার সাবাহর ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের সম্ভাব্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের আহ্বান জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাবাহর ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের এই সংযোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বিশেষ করে বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য সাবাহর বাজারে নতুন সুযোগ তৈরি এবং মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করার ক্ষেত্রে এই কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।