জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) গত ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই এক সপ্তাহের অভিযানে মোট ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে ৬৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিস্তারিত তথ্যে দেখা যায়, গত ২২ আগস্ট অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪০ লাখ টাকা জরিমানা করা হয় এবং সমসংখ্যক মামলা দায়ের করা হয়। একই সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৭টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩ লাখ টাকা জরিমানা ও ৩টি মামলা করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকার বাইরে পাবনা, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, গাজীপুর, চট্টগ্রাম, নীলফামারী, লক্ষ্মীপুর ও মানিকগঞ্জ জেলায় ১৫টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ১৫টি মামলা দায়েরের পাশাপাশি ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে, গত ১৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি সামারি ট্রায়াল সম্পন্ন হয়। ওই অভিযানে কোনো আর্থিক জরিমানা করা না হলেও তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা কেবল আইন প্রয়োগের বিষয় নয়, বরং এটি জনস্বাস্থ্য ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তিনি আরও বলেন, শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধমূলক উদ্যোগ, নিয়মিত মনিটরিং, গবেষণা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের নিরাপদ খাদ্যের অধিকার রক্ষায় কর্তৃপক্ষের এই কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার ও বিস্তৃত করা হবে।

