নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে এক কিশোরীসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিখোঁজদের মধ্যে তিনজন মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। নদীতে গোসল করার সময় তারা বিপদে পড়লে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও পানিতে তলিয়ে যান। বিষয়টি প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীতে প্রবল স্রোত থাকায় সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চেষ্টা চালিয়েও নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানিয়েছেন, পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ভৈরব থেকে ডুবুরি দল এসে শনিবার সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করবে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সকালে উদ্ধার অভিযান আবার শুরু হবে। নিখোঁজদের উদ্ধারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

