শাদাব-মুকিমের ঘূর্ণিতে বিধ্বস্ত ওয়ারিয়র্স, সিপিএল ফাইনালে ফ্যালকনস

১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ব্রিজটাউনে অনুষ্ঠিত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম কোয়ালিফায়ারে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়ে দুর্দান্তভাবে ফাইনালে জায়গা করে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। আগে ব্যাট করতে নামা গায়ানা মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায়, যার জবাবে ফ্যালকনসরা মাত্র ৫.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা গায়ানা শুরু থেকেই ধুঁকছিল। আগের ম্যাচে মাত্র ৯৯ রানে অলআউট হওয়ার ধাক্কা সামলে ওঠার আগেই তারা আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। পাওয়ারপ্লেতে তারা মাত্র ৩৪ রান তুলতে সক্ষম হয়। ষষ্ঠ ওভারের পর পাকিস্তানি স্পিনার শাদাব খান ও সুফিয়ান মুকিম আক্রমণে এসেই ওয়ারিয়র্সের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। মুকিম অষ্টম ওভারে গ্লেন ফিলিপস ও আমির জ্যাঙ্গুকে সাজঘরে ফিরিয়ে শুরুটা করেন। এরপর শাদাব খান তাণ্ডব চালান; তিনি শিমরন হেটমায়ারকে ক্যাচ আউট, মেহেদী হাসান মিরাজকে এলবিডব্লিউ এবং কুয়েন্টিন স্যাম্পসনকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

মুকিম দশম ওভারে খারি পিয়েরে ও শাই হোপকে আউট করার পর, শাদাব ইমরান তাহিরকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট শিকার করেন। এক পর্যায়ে গায়ানার স্কোর ১ উইকেটে ৪০ থেকে ৯ উইকেটে ৪৯ রানে নেমে আসে। রোমারিও শেফার্ড ও শামার জোসেফ শেষ উইকেটে ২৭ রানের একটি ছোট জুটি গড়লেও পরাজয় এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৫তম ওভারের শেষ বলে শামার স্প্রিংগারের বলে অলআউট হওয়ার আগে গায়ানার সংগ্রহ দাঁড়ায় ৭৬ রান।

জয়ের লক্ষ্যে নামা ফ্যালকনসরা শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। রহকিম কর্নওয়াল প্রথম ওভারেই ইমরান তাহিরকে একটি চার ও দুটি ছক্কা হাঁকান। কর্নওয়াল দ্বিতীয় ওভারে আরও একটি ছক্কা এবং তৃতীয় ওভারে খারি পিয়েরের ওপর চড়াও হয়ে ২৬ রান আদায় করেন। এরপর ইভিন লুইসও জ্বলে ওঠেন এবং চতুর্থ ওভারে ২০ রান সংগ্রহ করেন। কর্নওয়াল ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে তাহিরের বলে আউট হন, তবে ততক্ষণে ফ্যালকনসরা জয়ের খুব কাছে চলে এসেছিল।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানা আমাজন ওয়ারিয়র্স গ্রুপ পর্বে মাত্র দুটি ম্যাচে হেরেছিল, যার একটি ছিল ফ্যালকনসের বিপক্ষে। এই পরাজয়ের ফলে তাদের এখন দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা কিংসমেসের মুখোমুখি হতে হবে। সংক্ষিপ্ত স্কোর: গায়ানা আমাজন ওয়ারিয়র্স ৭৬ (১৫ ওভার); ফ্যালকনস ৭৭/১ (৫.২ ওভার)।