ফিফার ২১১ সদস্য দেশকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার

বাংলাদেশসহ ফিফার ২১১টি সদস্য সংস্থাকে এককালীন অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার দাবি তুলেছে উয়েফা এবং কনকাকাফ। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি টাকা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো একটি যৌথ চিঠিতে এই প্রস্তাব রাখা হয়েছে। এই চিঠিতে স্বাক্ষর করেছেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ মেয়াদ শেষে ফিফার নগদ তহবিলের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলারে দাঁড়াতে পারে। ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ পর্যন্ত এই অর্থের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক বেশি। উয়েফা ও কনকাকাফের প্রস্তাব অনুযায়ী, ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চক্রে প্রতিটি সদস্য সংস্থাকে অন্তত ১ কোটি ডলার করে বরাদ্দ দেওয়া উচিত। এই খাতে ফিফাকে মোট ২১১ কোটি ডলার ব্যয় করতে হবে, যা তাদের নিয়মিত বরাদ্দের বাইরে আলাদা সহায়তা হিসেবে গণ্য হবে।

ফিফা সভাপতির কাছে এই দাবি আসার ঠিক একদিন আগে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট একটি বিশেষ আহ্বান জানান। তিনি ফিফা সভাপতি ইনফান্তিনো ও মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রোমের কাছে সংস্থার বাতিল হওয়া বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত নথি প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী ১৫ অক্টোবরের ফিফা কাউন্সিল সভার আগেই এই নথিগুলো প্রকাশ্যে আনার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, ইনফান্তিনো আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।