কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ও অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধের পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নদী ভাঙনের শিকার স্থানীয় অধিবাসী, সুধীজন, শিক্ষক, ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে বলেন যে, ব্রহ্মপুত্র নদ থেকে নিয়মিতভাবে অবৈধ ও অনিয়ন্ত্রিত ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের কারণে চিলমারীর বিশাল এলাকা, আবাদি জমি এবং বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তারা আরও উল্লেখ করেন, যদি দ্রুত এই বালু উত্তোলন বন্ধ করা না হয় এবং নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে চিলমারীর ভৌগোলিক অবস্থান থেকে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা চিরতরে হারিয়ে যাবে। বক্তারা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বালু উত্তোলনের জন্য জোর দাবি জানান।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুহিন ওয়াদুদ, চিলমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নিহারিকা শারমিন দিপী, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এবং এডিশন রিয়েল স্টেটের ডেপুটি ম্যানেজার আশিক ইকবাল ইশাতসহ আরও অনেকে।
