কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের পঞ্চম গান হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘মথুরা’। সেমি-ক্লাসিক্যাল ঘরানার এই গানটি মূলত গভীর ও অপূর্ণ ভালোবাসার অনুভূতির প্রতি নিবেদিত। গানটির ভাববস্তু অনেকটা সমান্তরাল রেখার মতো; যা পাশাপাশি চলে কিন্তু বাস্তবে কখনো এক হওয়ার সুযোগ পায় না। যুগ যুগ ধরে লোকগাঁথা ও সাহিত্যে বেঁচে থাকা রাধা-কৃষ্ণ কিংবা লায়লী-মজনুর মতো চিরন্তন বিরহের আকুতিই এই গানে নতুন করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’ এমনই এক গভীর ও অপূর্ণ ভালোবাসার প্রতি নিবেদিত সেমি-ক্লাসিক্যাল সুর। ঠিক যেন সমান্তরাল দুটি রেখা; পাশাপাশি চলতে থাকে, পরস্পরকে দেখাও যায়, কিন্তু কখনো এক হওয়ার সুযোগ মেলে না। গল্প শেষ হয়ে যাওয়ার পরও সেই অনুভূতির রেশ রেখে যায় ‘মথুরা’।
অঙ্কন কুমার রায়ের কথা ও সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা ও স্বয়ং অঙ্কন। গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। জীবনের পথে দুটি মানুষ ভিন্ন দিকে অগ্রসর হলেও তাদের হৃদয়ে রয়ে যাওয়া প্রেম যে এক দীর্ঘস্থায়ী ‘রিয়েল ম্যাজিক’, তা-ই গানে প্রকাশ পেয়েছে। শেষ হয়ে যাওয়া গল্পের রেশটুকু সুরের মাঝে চিরস্থায়ী রূপ পেয়েছে ‘মথুরা’য়।
গানটি আজ সন্ধ্যা সাতটা থেকে কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শ্রোতারা শুনতে পাবেন। যেসব প্রেম বাস্তবে পূর্ণতা পায়নি, গানটি তাদের স্মৃতির প্রতি এক শৈল্পিক শ্রদ্ধা নিবেদন করবে বলে আশা করা হচ্ছে।

