২৮ ও ২৯ সেপ্টেম্বর তেজগাঁওয়ে বসছে ছোটকাকু উৎসব

শিশু-কিশোরদের কাছে অত্যন্ত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’কে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ছোটকাকু উৎসব-২০২৬’। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে দুই দিনব্যাপী এই আনন্দোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের বিস্তারিত জানাতে গত বুধবার দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ছোটকাকু সিরিজের লেখক ফরিদুর রেজা সাগর, অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন, অভিনেতা তারিক আনাম খান এবং মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী ফরিদুর রেজা সাগরের হাত ধরে ছোটকাকুর রহস্য ও অভিযানের গল্প দীর্ঘদিন ধরে পাঠকদের আনন্দ দিয়ে আসছে। এ পর্যন্ত ছোটকাকুর ৩৮টি গল্প প্রকাশিত হয়েছে, যার মধ্যে ২৫টি গল্পের ওপর ভিত্তি করে ২০০ পর্বের টেলিভিশন সিরিজ নির্মিত হয়েছে। এই দীর্ঘ পথচলাকে উদ্‌যাপন করতেই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান ফরিদুর রেজা সাগর। তিনি আশা প্রকাশ করেন, ছোটদের জন্য এই উৎসবটি অত্যন্ত উপভোগ্য হবে এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও অব্যাহত থাকবে। এর মধ্যে ২৫টি গল্প অবলম্বনে তৈরি হয়েছে টেলিভিশন সিরিজ নাটক, যার পর্ব সংখ্যা ২০০। আমি বিশ্বাস করি, ছোটদের জন্য খুব উপভোগ হবে উৎসবটি।

উৎসবের প্রথম দিনে ‘ছোটকাকু ক্যাফে’ সেশনে রহস্য, সৃজনশীলতা ও কৌতূহল নিয়ে আলোচনা করবেন ইমদাদুল হক মিলন, আনিসুল হক, সাদাত হোসাইন, মোজাফফর হোসেনসহ জনপ্রিয় অভিনয়শিল্পী ত্রপা মজুমদার, অপি করিম, তাসনিয়া ফারিণ ও কাজী নওশাবা আহমেদ। দ্বিতীয় দিনের ক্যাফে সেশনে লেখক ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেনের সঙ্গে উপস্থিত থাকবেন ছোটকাকুর পুরো দল। এই উৎসব উপলক্ষে নতুন আঙ্গিকে ছোটকাকু সিরিজের ১০টি বাংলা এবং ৪টি ইংরেজি অনুবাদের বই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বলেন, শিশু-কিশোরদের সঠিক পথে গড়ে তোলার জন্য সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। তিনি মনে করেন, শিল্প ও সাহিত্যের চর্চা যত বাড়বে, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ ততই উজ্জ্বল হবে এবং ‘ছোটকাকু’র মতো সিরিজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুস্থ সংস্কৃতির ধারায় আগামী প্রজন্মকে বড় করতে পারলেই একটি স্বাভাবিক ও সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।