বিএনপিকে ঘিরে অপপ্রচার চলছে, দাবি খোকন তালুকদারের

নির্বাচনে পরাজয়ের গ্লানি থেকে জামায়াতে ইসলামী এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। মঙ্গলবার দুপুরে ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, যাদের রাজনীতির ভিত্তিই ছিল চাঁদার টাকা, আজ তারাই বিএনপির সুনাম নষ্ট করতে মাঠে নেমেছে। দলকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার যে হীন চেষ্টা চলছে, তা জনগণ প্রত্যাখ্যান করবে বলে তিনি বিশ্বাস করেন। এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তীব্র সমালোচনা করে জানান, দলটির নেতারা বিএনপি ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছেন। তিনি দাবি করেন, এই ব্যক্তিরা অতীতে আওয়ামী লীগের স্লোগান দিলেও এখন দলটির বিরোধিতা করছে এবং একইসাথে বিএনপির সমালোচনা করে দ্বিমুখী আচরণ দেখাচ্ছে। তারা প্রধানমন্ত্রীকে নিয়েও বিভিন্ন বক্তব্য দিচ্ছেন।

বিএনপির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ও অপপ্রচার নিয়ে এমপি খোকন তালুকদার বলেন, দেশের সচেতন মানুষ রাজনৈতিক দলগুলোর অতীত ও বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে অবগত। তারাই এই সব অপপ্রচারের সঠিক জবাব দেবেন। বিএনপিকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও প্রচারের বিষয়ে খোকন তালুকদার বলেন, এসবের জবাব জনগণই দেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ এবং ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এই অনুষ্ঠানে অংশ নেন।