‘দেনা পাওনা’ সিনেমায় শেখ সাদী খানের সুর শান্তিনিকেতনি মেজাজে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প অবলম্বনে সরকারি অর্থায়নে তৈরি হচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেনা পাওনা’। সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মাণাধীন এই সিনেমায় গল্পের প্রয়োজনে যুক্ত করা হয়েছে একটি রবীন্দ্রসংগীত। ‘জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের দুই পরিচিত রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায় ও নির্ঝর চৌধুরী। গত রবিবার এই গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন এ দেশের প্রখ্যাত সুরস্রষ্টা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শেখ সাদী খান।

চলচ্চিত্রে গান গাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে সংগীতশিল্পী অনিমা রায় জানান, এর আগেও তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। তবে এবারের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। তিনি বলেন, “এর আগে আমি কলকাতায় ‘রিইউনিয়ন’ সিনেমার ‘হৃদয়ের একুল ওকুল’ গেয়েছিলাম, যা বেশ শ্রোতাপ্রিয় হয়। এছাড়া ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় ‘নব আনন্দে জাগো’, ‘অসম্ভব’ চলচ্চিত্রে ‘আজি ঝর ঝর মুখর বাদর দিনে’, ‘আমি কমলা’ সিনেমায় ‘যদি তারে নাই চিনি গো’ এবং ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় ‘ভেঙে মোর ঘরের চাবি’ গানগুলোতে কণ্ঠ দিয়েছি। তবে দেনা পাওনা সিনেমার এই দ্বৈত গানটি গেয়ে ভীষণ ভালো লেগেছে। আধুনিক সুরের মেলবন্ধনে রবীন্দ্রসংগীতের আদি ধারা বজায় রেখেই কাজটি করা হয়েছে। চলচ্চিত্রের মতো বড় মাধ্যমে রবীন্দ্রনাথের গান নতুন প্রজন্মের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব।”

সহশিল্পী ও বাল্যবন্ধু অনিমা রায়ের সাথে প্রথমবার সিনেমায় প্লেব্যাক করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরী। তিনি বলেন, “অনিমা আমার ছোটবেলার বন্ধু। আমরা একসঙ্গে বিভিন্ন মঞ্চে গান গাইলেও চলচ্চিত্রে আমাদের প্রথম দ্বৈত প্লেব্যাক এটিই। তাও আবার শেখ সাদী খান স্যারের মতো একজন কিংবদন্তির সংগীত পরিচালনায়। তার মতো বড় মাপের মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাদের সংগীত জীবনের জন্য অত্যন্ত আনন্দের। পুরো কাজটি খুবই চমৎকার হয়েছে এবং গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।”

কণ্ঠ দেওয়ার পাশাপাশি নির্ঝর চৌধুরী নিজেও সিনেমা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজে বেশ সক্রিয়। তিনি এর আগে ‘পদ্মপুরাণ’, ‘সর্দাও বাড়ির খেলা’, ‘বেহুলা দরদী’ ও ‘বিফোর আই ডাই’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন। এছাড়া ‘সিটি অব লাইট’ ও ‘ছাড়পত্র’ নামক দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আবহ সংগীতও তৈরি করেছেন তিনি। বর্তমানে শুভাশীষ সিনহা ও জাহিদ ইসলামের পরিচালনায় নতুন দুটি চলচ্চিত্রের সংগীতায়োজনের কাজে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।