এশিয়ান গেমস হকিতে চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

এশিয়ান গেমস হকির গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে ২৩ গোল হজম করা বাংলাদেশ পঞ্চম স্থান নির্ধারণীতেও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে। ম্যাচে চীনের কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই পরাজয়ের ফলে রোমান ও আমিরুলরা এখন সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলবেন। আগামী ৩রা অক্টোবর সেই ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার চীনের কাছে হার ৭-১ গোলে।

গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুরু থেকেই কোণঠাসা ছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে জিয়ালিয়াং ঝাং গোল করে চীনকে এগিয়ে নেওয়ার পর, চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইউলাই ঝাও। ২-০ ব্যবধানে প্রথম কোয়ার্টার শেষ করা বাংলাদেশ দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা লড়াইয়ের চেষ্টা করে। ২২ মিনিটে বেনহাই চেন গোল করলেও বিরতির ঠিক আগে রাকিবুল হাসান একটি গোল শোধ দেন। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণভাগ সামলাতে ব্যর্থ হওয়ায় তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরো চারটি গোল হজম করে বাংলাদেশ। উল্লেখ্য, চীনের বিপক্ষে নয়বারের দেখায় বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একবার, এছাড়া একটি ড্র ও সাতটি ম্যাচ হেরেছে তারা।