নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লাভলী সিনেমা হল ভেঙে ফেলা হচ্ছে

দেশের চলচ্চিত্র প্রদর্শনী কেন্দ্রগুলোর তালিকা থেকে এবার নাম কাটতে চলেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী ‘লাভলী’ সিনেমা হল। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কাঁচপুর কাঁচাবাজার ও লাভলী বাসস্ট্যান্ড সংলগ্ন সোনাপুর এলাকায় অবস্থিত এই হলটি এক সময় স্থানীয়দের প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এমনকি হলটির নামের সঙ্গে মিল রেখেই ওই এলাকার পরিচিতি গড়ে উঠেছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে দর্শক খরা ও লোকসানের কারণে হলের স্বাভাবিক কার্যক্রম থমকে যায়, যা শেষ পর্যন্ত এটি বন্ধের পথে নিয়ে আসে।

হলটির বর্তমান মালিক ও চলচ্চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন লিটন জানিয়েছেন, আজই এটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে সিনেমা হলের ব্যবসায়িক অবস্থা খুবই নাজুক। নিয়মিত প্রদর্শনী না থাকায় এবং লোকসান বাড়তে থাকায় পুরনো এই ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে জায়গাটিতে সম্পূর্ণ বাণিজ্যিক রূপ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এখানে নতুন করে ‘লাভলী’ নামেই একটি অত্যাধুনিক সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। পুরনো অবকাঠামো সরিয়ে সেখানে একটি বহুতল বাণিজ্যিক ভবন গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।