রাজধানীর খুচরা বাজারগুলোতে সবজির দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সম্প্রতি বৃষ্টির অজুহাতে পরিবহনের খরচ বাড়ার দোহাই দিয়ে বিক্রেতারা সব ধরনের সবজি চড়া দামে বিক্রি করছেন। শীত মৌসুমের শুরুর দিকে সবজির দাম সহনীয় পর্যায়ে আসার কথা থাকলেও বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। বর্তমানে বাজারের বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকা বা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে, যা ক্রেতাদের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজি বাজারে আগুন লেগেছে। শিম ও বেগুন সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা এবং গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। গাজর প্রতি কেজি ১৪০ টাকা এবং কাঁচা মরিচ ১৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া ঝিঙা, শসা, করলা, ঢেঁড়স ও বরবটি প্রতি কেজি ৮০ টাকা এবং পটল, কাকরোল, ধন্দুল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামের মধ্যে পেঁপে ও মুলা পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৭০ টাকায়। লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান বলেন, বর্তমানে সব ধরনের সবজির দাম আকাশচুম্বী। ৮০ থেকে ১০০ টাকার কমে কোনো সবজি পাওয়া দুষ্কর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন দামে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, আগে এক কেজি কিনলেও এখন পরিস্থিতির চাপে আধা কেজি করে সবজি কিনতে হচ্ছে। শীতের আগমনে দাম কমার প্রত্যাশা থাকলেও উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে, আর বিক্রেতারা দায় চাপাচ্ছেন পরিবহন খরচের ওপর।
বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে রামপুরা বাজারের বিক্রেতা খাদিমুল ইসলাম বলেন, মূলত পরিবহন খরচ বেড়ে যাওয়াই দাম বৃদ্ধির প্রধান কারণ। এছাড়া শীতের নতুন সবজি পুরোপুরি বাজারে ওঠার আগে পুরনো সবজির জোগান কমে গেছে, যার প্রভাব পড়ছে দামের ওপর। তবে আগামী দুই মাসের মধ্যে শীতের সবজি বাজারে পুরোদমে চলে এলে দাম আবার স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

