প্রশাসনিক জটিলতা ও অরুণাচল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ARCA) নির্বাচন নিয়ে আইনি বিরোধের কারণে আসন্ন রঞ্জি ট্রফি এবং সিকে নাইডু ট্রফির উদ্বোধনী ম্যাচে অংশ নিতে পারছে না অরুণাচল প্রদেশ। বিসিসিআই-এর ক্রিকেট অপারেশনস টিম গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (GCA) আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে যে, এই দুই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচগুলো আর মাঠে গড়াচ্ছে না।
অরুণাচল ও নাগাল্যান্ডের মধ্যকার রঞ্জি ট্রফি প্লেট বিভাগের ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার (১১ অক্টোবর) শুরু হওয়ার কথা ছিল। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় নাগাল্যান্ড দলকে ম্যাচটি না হওয়ার কথা নিশ্চিত করেছেন। নাগাল্যান্ড দলের এক সদস্য জানান, তারা বিষয়টি জেনেছেন তবে ভবিষ্যৎ ম্যাচগুলোর বিষয়ে তাদের কাছে এখন আর কোনো তথ্য নেই। গত কয়েক বছর ধরে আহমেদাবাদই অরুণাচল প্রদেশের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সিকে নাইডু ট্রফির সূচিও একই পরিণতির মুখে পড়েছে। ১২ অক্টোবর শিলংয়ের এমসিএ ক্রিকেট গ্রাউন্ডে মনিপুরের বিপক্ষে অরুণাচলের ম্যাচটি বাতিল করা হয়েছে। এছাড়াও নাগাল্যান্ডের বিপক্ষে তাদের আরেকটি ম্যাচ ১৯ অক্টোবর আনন্দের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অরুণাচলের রঞ্জি ট্রফির পরবর্তী ম্যাচ ১৮ অক্টোবর নাদিয়াডে সিকিম দলের বিপক্ষে হওয়ার কথা রয়েছে।
বর্তমানে অরুণাচল ক্রিকেটের এই পরিস্থিতির মূল কারণ হলো রাজ্য ক্রিকেট সংস্থার নির্বাচন নিয়ে জটিলতা, যা এখন গৌহাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আদালত এ বিষয়ে এখনো রায় দেয়নি। প্রশাসনিক এই অস্থিরতার ফলে রাজ্য থেকে কোনো দল নির্বাচন করা সম্ভব হয়নি এবং আহমেদাবাদে যে প্রস্তুতি ক্যাম্প হওয়ার কথা ছিল, তাও আয়োজন করা যায়নি। পরিসংখ্যান অনুযায়ী, গত মৌসুমে অরুণাচল তাদের পাঁচটি ম্যাচেই হেরেছিল এবং এখন পর্যন্ত ৪১টি রঞ্জি ম্যাচে তাদের একমাত্র জয়টি ছিল ২০২২ সালে বিহারের বিপক্ষে।

