সৌদিগামী ১০৭ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলা এবং পরবর্তী সময়ে জারি করা বিধিনিষেধের কারণে ঢাকা থেকে দেশটিতেগামী ১০৭টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট ব্যাহত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, এসব সূচি বিপর্যয়ে ১৬ হাজার ৬২০ জন যাত্রী চরম ভোগান্তির মুখোমুখি হয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।

প্রভাবিত ফ্লাইটগুলোর একটি বড় অংশ ট্রানজিট সার্ভিস। বেবিচক জানায়, মোট ব্যাহত হওয়া সূচির মধ্যে ৬৩টি ছিল ট্রানজিট ফ্লাইট। যার মধ্যে রয়েছে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।

পাশাপাশি সরাসরি চলাচলের ৪৪টি ফ্লাইটও একই ধরনের জটিলতায় পড়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি সরাসরি ফ্লাইট বিঘ্নিত হয়। সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি আটকে পড়া যাত্রীদের যাতায়াত সুগম করতে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি।