সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে বড় ধাক্কা খেল বাংলাদেশ। সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার কথা থাকলেও ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক লিটন দাস। শুধু আজকের ম্যাচই নয়, পুরো সিরিজ থেকেই তাকে হারালো বাংলাদেশ দল। টসের সময় বিষয়টি নিশ্চিত করেছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, যিনি লিটনের অনুপস্থিতিতে আজকের ম্যাচে দলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এক ভিডিও বার্তায় লিটনের ইনজুরি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, গত শুক্রবার লিটন তার ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিলেন। এরপর এমআরআই রিপোর্ট পর্যালোচনা করে এবং আজকের ফিটনেস টেস্টে নির্ধারিত মানদণ্ড পূরণ করতে না পারায় তার সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সিরিজের ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলনে অংশ নিলেও শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না তার।
লিটনের পাশাপাশি বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ তিন দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। অসুস্থতার কারণে গত দুই দিন অনুশীলনেও অংশ নিতে পারেননি এই অলরাউন্ডার। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তাকে একাদশে রাখা সম্ভব হয়নি। তবে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে মিরাজ খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
সিরিজের আগে লিটন দাস তার দলের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও মাঠের লড়াইয়ে নামার আগেই ইনজুরি ও অসুস্থতা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব শুরুর ম্যাচেই লিটনের এমন অনুপস্থিতি দলের জন্য বড় এক শূন্যতা তৈরি করেছে।

