ইমিরেটস গলফ ফেডারেশনের আয়োজনে রবিবার আবুধাবি গলফ ক্লাবে শুরু হতে যাচ্ছে ২০২৬-২০২৭ মৌসুমের প্রথম মাসিক গলফ টুর্নামেন্ট। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও দক্ষতা সম্পন্ন ৮৪ জন নারী ও পুরুষ গলফার অংশ নিচ্ছেন। ফেডারেশনের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই টুর্নামেন্টটি নতুন মৌসুমের শুরুর ধাপ হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।
টুর্নামেন্টটিতে ফেডারেশনের পরিচালনা পর্ষদের সদস্য এবং সংযুক্ত আরব আমিরাতের গলফ খেলার অগ্রগামী ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। এই আয়োজনের মূল লক্ষ্য হলো সব বয়সী গলফারদের নিয়মিত প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া, যা তাদের খেলার মান উন্নয়ন ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। একইসাথে এটি উদীয়মান প্রতিভাদের খুঁজে বের করার একটি মঞ্চ হিসেবে কাজ করবে।
নতুন প্রজন্মের গলফারদের সাথে এই খেলার অভিজ্ঞ ব্যক্তিত্বদের মিথস্ক্রিয়া ঘটিয়ে খেলার মানোন্নয়ন এবং সংযুক্ত আরব আমিরাতে গলফের ইতিহাস ও ঐতিহ্য বজায় রাখা এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। ফেডারেশন আশা করছে, নিয়মিত এসব টুর্নামেন্ট গলফের ভিত্তি মজবুত করার পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান আরো সুদৃঢ় করবে।
ইমিরেটস গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আবদুল্লাহ আল সাইয়েদ আল হাশেমি বলেন, এই টুর্নামেন্টগুলো নতুন প্রতিভাদের আবিষ্কার, খেলোয়াড়দের সক্ষমতা যাচাই এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি আরও জানান, বিভিন্ন বয়সের খেলোয়াড়দের এক ছাতার নিচে নিয়ে আসা ফেডারেশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।
আবদুল্লাহ আল হাশেমি বলেন, আমরা আমাদের মাসিক কর্মসূচির মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আয়োজনে অভিজ্ঞ খেলোয়াড় ও অগ্রগামীদের অংশগ্রহণ তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের অভিজ্ঞতা নতুনদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ফেডারেশনের লক্ষ্য বাস্তবায়নে ও টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করার জন্য তিনি আবুধাবি গলফ ক্লাবের ভূয়সী প্রশংসা করেন।

