কিশোরগঞ্জের কটিয়াদীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এদিন রাত সাড়ে নয়টার দিকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে কটিয়াদী পৌরসভার আয়োজনে সমাপনী অনুষ্ঠান ও বিসর্জনের কার্যক্রম শুরু হয়।
কটিয়াদী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন এবং সাধারণ সম্পাদক সাজেদুল হক সজল সরকার।
পূজামণ্ডপগুলো থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ঢাক-ঢোলের বাদ্য, উলুধ্বনি ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। বিসর্জনের সময় ভক্তদের মাঝে যেমন উৎসবের আমেজ ছিল, তেমনি ছিল দেবীকে বিদায় জানানোর আবেগঘন পরিবেশ। নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জনের মাধ্যমে ভক্তরা আগামী বছরের দুর্গাপূজার অপেক্ষায় প্রহর গুনতে শুরু করেছেন।
আয়োজক ও স্থানীয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, এবারের দুর্গাপূজার এই সার্বজনীন আয়োজন এবং সম্মিলিতভাবে প্রতিমা বিসর্জন এলাকাটিতে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

