প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে এই কমিটি নির্বাচন সম্পন্ন হয়। এতে সংগঠনের সভাপতি হিসেবে মোহাম্মাদ আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে ড. রতন কুণ্ডু উদ্বোধনী বক্তব্য রাখেন। এরপর ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও দিলারা জাহান সংগঠনের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। সভায় এবিজেএ-র কার্যক্রম, অগ্রগতি ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিনা ফারুকি ওএএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, যেখানে নির্বাচন কর্মকর্তা ছিলেন এএইচএম মাসুম বিল্লাহ।
নবগঠিত কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মাদ রেজাউল হক ও আতাউর রহমান। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দিলারা জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহৃদ সোহান হক, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক আসিফ ইকবাল এবং সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম দায়িত্ব গ্রহণ করেছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মাদ জসীম উদ্দিন। অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, সংগঠক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

