এইচএসসিতে ১১ বোর্ডে পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে৷। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এ বছরের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করতে হয় এবং পরে সেগুলো সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত ওয়েবসাইট থেকে রেজাল্ট কর্নারে প্রবেশ করে ইআইআইএন নম্বর দিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া পরীক্ষার্থীরা ওয়েবসাইট ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবেন। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে।