যুক্তরাষ্ট্রে সংবর্ধনা পেলেন এমপি মুস্তাফিজুর রহমান দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে যুক্তরাষ্ট্রে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের ওজন পার্কের বৈঠকখানা পার্টি হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় রূপগঞ্জবাসী এবং আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. বাচ্চু মিয়া এবং সঞ্চালনায় ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোতাহার হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) মাকসুদুল হক চৌধুরী এবং স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।

বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, এলাকার মানুষের চাহিদা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেই সঙ্গে রূপগঞ্জে মাদকের কোনো স্থান হবে না বলেও তিনি দৃঢ় সংকল্প প্রকাশ করেন। প্রবাসীদের বিভিন্ন সংকটের বিষয়ে তিনি বলেন, বিদেশের মাটিতে বসবাসরত রূপগঞ্জবাসীর কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসন এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমাতে তিনি বিশেষ গুরুত্ব দেবেন।

অনুষ্ঠানে গিয়াস আহমেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। দেশের উন্নয়ন ও জনকল্যাণে তার নেতৃত্বকে আরও শক্তিশালী করতে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর মতো তরুণ ও উদ্যমী জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে রূপগঞ্জবাসীর পক্ষ থেকে এলাকার উন্নয়ন, প্রবাসীদের সমস্যা সমাধান এবং উপজেলাকে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে একটি স্মারকলিপি সংসদ সদস্যের কাছে পেশ করা হয়। স্মারকলিপিটি পাঠ করেন মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির নেতা এ.জে. জাহাঙ্গীর হোসেন, মাহবুবুল হক চেয়ারম্যান, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ জহির এবং লং আইল্যান্ড বিএনপির নেতা সিরাজ। এছাড়া উপস্থিত ছিলেন বোরহান চৌধুরী, মুনসুর আলী, মোস্তাক আহমেদ, নাজমুল করিম, আলমগীর হোসেন, আবু তাহের, আব্দুর রহমান, মোখলেসুর রহমান, আব্দুল কাউম, খন্দকার আব্দুল আউয়াল, শাওন, আমির হোসেন, ছৈয়দ আহেমদ, আহমেদ আলী ও মোমেনসহ যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক প্রবাসী রূপগঞ্জবাসী।