ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ওই এলাকার ইউনুছ মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান ইমরান। সে সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

