টরন্টোতে আসছেন সংগীত ও নৃত্যের তিন কিংবদন্তি

কানাডার টরন্টোতে বাংলাদেশের সংগীত ও নৃত্যকলার তিন কিংবদন্তি শিল্পী একই মঞ্চে মিলিত হতে চলেছেন। ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’ নামের এই বিশেষ সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি ও মহড়ায় ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে টরন্টোয় পৌঁছেছেন রবীন্দ্রসংগীতের প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। রবীন্দ্রসংগীতের চিরায়ত আবেদনকে নতুন মাত্রায় তুলে ধরতেই এই বিশেষ আয়োজন।

আয়োজক নাহিদ নাসরীন নয়ন জানিয়েছেন, এই অনুষ্ঠানটি কেবল একটি পরিবেশনা নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। অনুষ্ঠানটিকে স্মরণীয় করতে শিল্পী ও আয়োজক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত ৭ ও ৮ই নভেম্বর স্থানীয় ৪৬ জন নৃত্যশিল্পীকে নিয়ে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা একটি বিশেষ কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা তাল, লয়, মুদ্রা ও অভিনয়ের বিভিন্ন কৌশল আয়ত্ত করেছেন, যা এখন মূল অনুষ্ঠানের চূড়ান্ত মহড়ায় প্রয়োগ করা হচ্ছে। তাদের উপস্থিতিতে স্থানীয় শিল্পীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা বাংলাদেশের এই দুই কিংবদন্তি নৃত্যশিল্পীর কাছ থেকে সরাসরি নৃত্যের তাল, লয়, মুদ্রা, অভিব্যক্তি ও পরিবেশনার নানা কৌশল শেখার সুযোগ পান। বাংলাদেশের তিনজন কিংবদন্তি শিল্পীকে একই মঞ্চে উপস্থাপন করা এবং তাদের সঙ্গে টরন্টোর স্থানীয় শিল্পীদের সম্পৃক্ত করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

সংগীতের ক্ষেত্রে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রনাথের কালজয়ী গানগুলো পরিবেশিত হবে। এই সংগীত পরিবেশনাকে সুরের নতুন মাত্রা দিতে বাঁশি, সেতার, পিয়ানো, চেলো ও তবলার মতো দেশীয় ও পাশ্চাত্য বাদ্যযন্ত্রের এক নান্দনিক সমন্বয় ঘটানো হচ্ছে। আয়োজকদের আশা, সুরের মূর্ছনা এবং নৃত্যের ছন্দে ওই সন্ধ্যাটি টরন্টোর প্রবাসী বাঙালিদের জন্য এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

আগামী ১৪ই নভেম্বর শনিবার নর্থ ইয়র্কের ১৯০ রেইলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। দর্শকদের জন্য বিকেল সাড়ে ৫টায় দরজা খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় মূল আয়োজন শুরু হবে। টরন্টোর সংস্কৃতিপ্রেমীরা এখন বাংলাদেশের এই তিন নক্ষত্রের জাদুকরী পরিবেশনা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। আয়োজকদের প্রত্যাশা, বাংলাদেশের ধ্রুপদি ও সৃজনশীল নৃত্যধারার এক অনন্য উপস্থাপনা দেখতে পাবেন টরন্টোর দর্শকরা।