সম্প্রতি ‘রামায়ণ’ সিনেমার সীতা চরিত্রে অভিনয় নিয়ে বেশ আলোচনায় রয়েছেন অভিনেত্রী সাই পল্লবী। পেশাদার কাজের প্রতি নিবেদিত এই অভিনেত্রী এবার নতুন এক রূপ নিয়ে হাজির হয়েছেন। রাজকুমার পেরিয়াসামির পরিচালনায় ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম- দ্য ব্লাড উড’ ছবিতে আইপিএস অফিসার নিত্যা রেড্ডির চরিত্রে অভিনয় করছেন তিনি। এই চরিত্রের আবহে নিজেকে নিখুঁতভাবে তৈরি করতে পরিচালক তাকে চুল ছোট করার পরামর্শ দিয়েছিলেন। বাস্তবের পুলিশ কর্মকর্তা মেরিন জোসেফের ছবি দেখিয়ে সাইকে লুকের ধারণা দেওয়া হয়েছিল।
পরিচালকের কথা মেনে চুল কাটলেও বিষয়টি আগে পরিবারকে জানাননি সাই পল্লবী। এক সাক্ষাৎকারে তিনি জানান, চুল কেটে মাকে ভিডিও কল করার পর পরিস্থিতি বেশ অদ্ভুত হয়ে ওঠে। মেয়ের ছোট চুল দেখে কোনো মন্তব্য না করেই মা ফোন রেখে দিয়েছিলেন। পরে বাবার ফোন আসে, যিনি প্রথম দর্শনে তাকে চিনতেই পারেননি। বাবা প্রশ্ন করেছিলেন, তিনি কোনো পরচুলা পরেছেন কি না। পরবর্তীতে ছবির চরিত্রের প্রয়োজনে এই পরিবর্তনের বিষয়টি পরিবারকে বুঝিয়ে বলেন সাই। সাধারণত চুলে বড় কোনো পরিবর্তন আনতে চান না এই অভিনেত্রী, কিন্তু পেশাদার দায়বদ্ধতা থেকেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিনেমায় সাইয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন ধানুষ, মামুট্টি ও শ্রীলীলা।

