সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ শহরে বুধবার সন্ধ্যায় ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন রাতে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোড (এস.এস রোড) এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় এবং সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাতের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দলটির কার্যালয় ও সাবেক এই এমপির বাড়িতে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটল। ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল মানুষ মিছিল নিয়ে এসে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং পরবর্তীতে সাবেক এমপির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়। একই সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও দুর্বৃত্তরা আগুন দেয় বলে ভিডিওতে দেখা গেছে।

এই ঘটনার নেপথ্যে স্থানীয়দের ক্ষোভের কারণ হিসেবে একটি ঘটনার কথা জানা যাচ্ছে। বুধবার ভোরের দিকে শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে সমর্থন জানিয়ে ছাত্রলীগের কর্মীরা একটি ব্যানার টাঙিয়ে দেয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দাবি করেছেন, তার দল শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নির্বাচিত সরকারকে বিতর্কিত করতে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। চব্বিশের গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর যারা আন্দোলনে ছিলেন, তারাই হয়তো এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ ঘটনার সাথে বিএনপির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও তিনি জোর দিয়ে জানান। অগ্নিকাণ্ডের বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানিয়েছেন, আগুন বেশিক্ষণ স্থায়ী ছিল না। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।