রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আজ ঐতিহাসিক রায়

দীর্ঘ সাত বছরের আইনি লড়াই ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার ঐতিহাসিক রায় আজ ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণা করা হবে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে এই মামলাটি দায়ের করে। মামলার মূল অভিযোগ ছিল, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো অভিযান গণহত্যার শামিল ছিল। ওই সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। মিয়ানমার সামরিক জান্তা সরকারের অভিযানের মুখে লাখ লাখ মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালানোর ঘটনায় পশ্চিম আফ্রিকার মুসলিম-প্রধান দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে এই মামলা দায়ের করে।

রোহিঙ্গা শরণার্থীরা ওই সময় ভয়াবহ হত্যা, ব্যাপক ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের মতো নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন। জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও তাদের প্রতিবেদনে ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার তথ্য তুলে ধরেছিল। তবে মিয়ানমার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তারা কেবল সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধভাবে ওই অভিযান পরিচালনা করেছিল।