যুক্তরাষ্ট্রে উল্কা বিস্ফোরণ: সনিক বুমের আতঙ্ক ও মহাজাগতিক রহস্য

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আকাশে একটি বিশাল উল্কা বায়ুমণ্ডলে প্রবেশ করে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনায় পুরো অঞ্চলে শক্তিশালী সনিক বুম অনুভূত হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। নাসা এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে যে, এই বিস্ফোরণে প্রায় ৩০০ টন টিএনটি বিস্ফোরকের সমপরিমাণ শক্তি নির্গত হয়েছে।

স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ০৬ মিনিটে নিউ ইংল্যান্ড অঞ্চলের আকাশে এই মহাজাগতিক ঘটনা ঘটে। ম্যাসাচুসেটসের পাশাপাশি নিউ হ্যাম্পশায়ারের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকেও উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে অনেক এলাকায় কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ এই বিরল অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন।

বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, প্রায় ৩ মিটার চওড়া এই উল্কাটি ঘণ্টায় প্রায় ১ লাখ ২০ হাজার কিলোমিটারের বেশি গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ মাইল ওপরে এসে এটি বায়ুমণ্ডলের ঘর্ষণের কারণে ভেঙে যায় এবং বিস্ফোরিত হয়, যার ফলে তীব্র আলোর ঝলকানি ও শক্তিশালী শব্দ তরঙ্গ তৈরি হয়।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা নিশ্চিত করেছে যে এটি কোনো কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ বর্জ্য ছিল না, বরং একটি প্রাকৃতিক উল্কাপিণ্ড। নাসা আরও উল্লেখ করেছে যে, বিস্ফোরণের সময় উৎপন্ন শক্তি প্রায় ৩০০ টন টিএনটি বিস্ফোরকের সমান ছিল।

আমেরিকান মেটিওর সোসাইটির তথ্যমতে, দেলাওয়ার থেকে মন্ট্রিয়ল পর্যন্ত বিস্তৃত এলাকা থেকে অসংখ্য মানুষ এই উল্কার আলোর ঝলকানি এবং দ্বিগুণ শব্দ তরঙ্গের অভিজ্ঞতা লাভ করেছেন। বিশেষজ্ঞরা এটিকে একটি বিরল ও শক্তিশালী ‘বোলিড’ ধরনের উল্কা হিসেবে চিহ্নিত করেছেন, যা বায়ুমণ্ডলে প্রবেশের সময় সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে যায়।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন যে, উল্কাটির বেশিরভাগ অংশই ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে গেছে। যদি কিছু অংশ অবশিষ্ট থেকেও থাকে, তবে তা আটলান্টিক মহাসাগরে পতিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গবেষকেরা এই ঘটনাটিকে একটি অত্যন্ত বিরল মহাজাগতিক ঘটনা হিসেবে দেখছেন।