যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল, কাটল অনিশ্চয়তা

বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা নিশ্চিত হয়েছে ইরান ফুটবল দলের। এর মধ্য দিয়ে দলটির দীর্ঘদিনের অনিশ্চয়তা ও সংকট কেটেছে। চরম বৈরী সম্পর্ক থাকা সত্ত্বেও ইরান যুক্তরাষ্ট্রে আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরাকে হোয়াইট হাউজের একটি উচ্চপর্যায়ের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, ভিসা সংক্রান্ত জটিলতা এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইরান দল তাদের বিশ্বকাপের মূল ঘাঁটি বা বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাতে স্থানান্তরিত করেছিল। তখন পরিকল্পনা ছিল, তারা মেক্সিকো থেকেই ম্যাচের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে।

যদিও খেলোয়াড়দের ভিসা নিশ্চিত হয়েছে, ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যে, দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও প্রশাসনিক স্টাফ এবং কোচের ভিসার আবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং ঝুলে আছে।

আসন্ন বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলবে। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই শহরে ২১ জুন তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে এশিয়ার অন্যতম শক্তিশালী এই দলটি মিশরের মুখোমুখি হবে।