ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক যান লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র থেকে কিছুক্ষণ আগে এই হামলা পরিচালিত হয়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার পরপরই তেলাআবিব জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই পাল্টা আক্রমণ শুরু করে। এর আগে ইরান সতর্ক করেছিল যে, বৈরুতে হামলা হলে তারা যুদ্ধবিরতি মানবে না।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাবে উত্তর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েলের স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টায় এই হামলা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা অজানা থাকলেও, আইডিএফ জানিয়েছে উত্তর ইসরায়েলের অনেক স্থানে ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ অ্যালার্ম বেজেছে।

পরবর্তীতে আইডিএফ জানায়, ইরান উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত হানার আগেই সবগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে।