ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ৪৮ জন শিশুর মৃত্যু হলো।
সোমবার (৮ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার।
তিনি জানান, শেরপুরের শ্রীবরদী এলাকার ছয় বছর বয়সী একটি মেয়ে শিশুকে রবিবার (৭ জুন) সকালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হামের উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত ছিল বলে জানা গেছে।
ডা. ঝন্টু সরকার আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মোট ১১২ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
