আড়াইহাজারে পুলিশের ওপর হামলা: ওয়াকিটকি ও মোবাইল ফোন ছিনতাই, ২ জন আটক

আড়াইহাজারে পুলিশের ওপর হামলা: ওয়াকিটকি ও মোবাইল ফোন ছিনতাই, ২ জন আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন মাদক কারবারিদের আটকের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে বেশিরভাগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল পাঁচটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াপাড়া বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের থামানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

তাদের আটকের চেষ্টা করলে এলাকার চিহ্নিত মাদক কারবারি আমির হোসেন ওরফে সামা, সাহাদত এবং তাদের অনুসারীরা পুলিশের কাজে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই সুযোগে হামলাকারীরা পুলিশের একটি ওয়াকিটকি, একটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং ব্যাগে থাকা আরও দুটি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছে পুলিশ। এ সময়ে পুলিশ সদস্যরা হামলাকারীদের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী একটি খেলার মাঠে আশ্রয় নিতে বাধ্য হন। পরে মাঠে উপস্থিত খেলোয়াড়রা পুলিশকে সহায়তা করলে হামলাকারীরা পিছু হটে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান শুরু করে। এই অভিযানে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, একটি মোবাইল ফোন এবং পুলিশের ব্যবহৃত একটি কটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় মাদক বিক্রেতাদের সহযোগী হিসেবে দুই নারীকে আটক করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল হোসেন জানিয়েছেন, এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।