মেসির অবসর নিয়ে স্কালোনির আবেগঘন মন্তব্য

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের রাতে তার অবসর প্রসঙ্গে আবেগঘন মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে মেসি একাই তিনটি গোল করে দলকে জয় এনে দেন এবং ম্যাচসেরার পুরস্কারও অর্জন করেন।

তবে ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক জানান, মাঠের বাইরের কিছু ব্যক্তিগত জটিলতার কারণে গত কয়েক দিন তার জন্য সহজ ছিল না।

মেসির এই অসাধারণ পারফরম্যান্সের পরই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে মেসির বয়স ৩৮ বছর। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হলে তার বয়স হবে ৪২। ফলে জাতীয় দলের জার্সিতে তার ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে টেনে স্কালোনি বলেন, "যেদিন সে (মেসি) ফুটবল ছেড়ে দেবে, আমরা সবাই তাকে খুব মিস করব।"

মেসির ম্যাচ বিশ্লেষণ

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে মেসি বলেছেন, "আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। ওদের দলে দ্রুতগতির এবং আক্রমণাত্মক অনেক খেলোয়াড় আছে। আমরা যদি তাদের বলের দখল বেশি দিতাম, তাহলে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারত। বল ছাড়া আমরা ভালোভাবে নিজেদের অবস্থান ধরে রেখেছি এবং শুরুতেই গোল পাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছি।"

আর্জেন্টিনা পুরো ম্যাচ জুড়ে তাদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি বলেও মনে করেন মেসি। তিনি বলেন, "প্রথমার্ধটা আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। বিশ্বকাপের প্রথম ম্যাচগুলো সব সময়ই কঠিন হয়। গত বিশ্বকাপ থেকেও আমরা সেটা শিখেছি।"

এই বিশ্বকাপে কোনো দলই কাউকে সহজে ছেড়ে দেবে না জানিয়ে মেসি আরও বলেন, "প্রতিটি দলই সুসংগঠিত, ভালোভাবে প্রস্তুত এবং নিজেদের খেলার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি বিশ্বকাপ।"