শিক্ষিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষিত জনগোষ্ঠীকে প্রকৃত জনসম্পদে রূপান্তর করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়নের এই যাত্রায় আজকের শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই জাতীয় উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে এমন একটি কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন, যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।

সভাপতির বক্তব্যে বুয়েটের উপাচার্য অধ্যাপক একরামুল হক নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি কঠোর ভর্তি পরীক্ষার মাধ্যমে বুয়েটে পড়ার সুযোগ পেয়েছ, তাই এই সুযোগের সঠিক সদ্ব্যবহার করতে হবে। বুয়েটের নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষা কোর্স সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের সহ-উপাচার্য অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক নায়েব মো. গোলাম জাকারিয়া এবং ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক এ কে এম মাসুদসহ অন্যান্যরা।