৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

দেশের নয়টি জেলায় আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পূর্বাভাসে উল্লিখিত অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।