মিরসরাইয়ে চোরাই পথে আনা ১৯ গরু উদ্ধার, গ্রেফতার ৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভারত থেকে চোরাই পথে আনা ১৯টি গরু উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় একটি বিশেষ অভিযানে এই গরুগুলো উদ্ধার করা হয়। চোরাচালানের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগরের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৬৫) ও নজরুল ইসলাম (২২), ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা মো. আরিফ এবং ময়ামায়া ইউনিয়নের রাসেল আলম (৩৫)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাইপথে গরু আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নয়াটিলা মাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় তল্লাশিকালে দুটি পিকআপ ভ্যান থেকে গরুগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকার বেশি। গরুগুলো পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ দুটিও পুলিশ জব্দ করেছে। এই ঘটনায় জড়িত চারজনকে আটকের পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।