লামায় পর্যটক হেনস্তা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রিসোর্ট ম্যানেজারসহ গ্রেফতার ২

বান্দরবানের লামায় বেড়াতে আসা দুই নারী পর্যটককে হেনস্তা করে তাদের স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয় একটি রিসোর্টের ম্যানেজারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রিভার সাইড রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ রাশেদ (২৫) এবং তার সহযোগী মো. হৃদয় (২৮)।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ জুন বৃহস্পতিবার ভুক্তভোগী দুই নারী তাদের এক স্বজনের সঙ্গে নৌকাযোগে মাতামুহুরী নদীপথে ভ্রমণে বের হয়েছিলেন। একপর্যায়ে টয়লেট ব্যবহারের প্রয়োজনে তারা নদীর পাড়ে অবস্থিত ওই রিসোর্টে যান। এ সময় রিসোর্টের ম্যানেজার রাশেদ টয়লেট দেখানোর কথা বলে ওই দুই নারীকে একটি কক্ষে নিয়ে যান। সেখানে রাশেদ ও তার সহযোগী হৃদয় মিলে ভুক্তভোগীদের অশ্লীল অবস্থায় ফেলে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে এই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাদের স্বর্ণালংকার এবং নগদ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী এক নারী লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৮ জুন রবিবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করে। পরদিন সোমবার তাদের লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ভুক্তভোগীদের স্বর্ণালংকার এবং ছিনিয়ে নেওয়া টাকার মধ্যে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হেনস্তার শিকার দুই নারী ও তাদের সঙ্গে থাকা পুরুষ স্বজন পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।