চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করে রাখা একটি মাছ ধরার ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে ট্রলারটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
এই অগ্নিকাণ্ডে ট্রলারের ছয়জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন, রাসেল এবং ছিদ্দিক আহমেদ।
ওসি মো. মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ সবার শারীরিক অবস্থা বেশ গুরুতর। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, এই দুর্ঘটনার বিষয়ে ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে গত ২৯ জুন ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করা হয়েছিল। এর পরের দিন মঙ্গলবার দুপুরে ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুন ছড়িয়ে পড়ে।
