স্বামীর ওপর ক্ষোভ থেকে হত্যা ও মাটিচাপা: স্ত্রী সেলিনার স্বীকারোক্তি

বরিশালের মুলাদী উপজেলায় স্বামী হারুন হাওলাদারকে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার ঘটনায় স্ত্রী সেলিনা বেগম পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সোমবার সকালে চরমালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে হারুন হাওলাদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই সেলিনা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, সেলিনা বেগম পুলিশের কাছে স্বীকার করেছেন যে, স্বামীর ওপর ক্ষোভের কারণে তিনি একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হত্যার পর মরদেহটি টেনে বের করে বাড়ির আঙিনায় মাটিচাপা দেন তিনি। এই পুরো প্রক্রিয়ায় তিনি একাই জড়িত ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সেলিনা বেগমকে আদালতে হাজির করে জবানবন্দি দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত আদালতের বিচারকের কাছে আনুষ্ঠানিকভাবে জবানবন্দি নেওয়া হয়নি। ওসি আরও জানান, আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর সেলিনা বেগমকে ছেলে এইচএম জাফর হাওলাদারের দায়ের করা মামলায় আসামি হিসেবে কারাগারে পাঠানো হবে।