ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবেন লুকা মদ্রিচ

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে ক্রোয়েশিয়ার বিদায়ের মধ্য দিয়ে সম্ভবত আন্তর্জাতিক ফুটবলে লুকা মদ্রিচের পথচলা শেষ হলো। এই হারের পর ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডারকে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন তার কোচ জ্লাতকো দালিচ ও পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। উভয় কোচই একমত যে, মাঠে মদ্রিচের অসাধারণ প্রভাব ফুটবল ইতিহাসে দীর্ঘ সময় স্মরণীয় হয়ে থাকবে।

টরন্টোয় শুক্রবার পর্তুগালের বিপক্ষে ম্যাচ শেষে ৪০ বছর বয়সি মদ্রিচকে ৪১ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে দেখা যায়। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা দুই ফুটবল কিংবদন্তির এই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেন, এটি সম্ভবত তার শেষ বিশ্বকাপ ম্যাচ এবং এমন সমাপ্তি দুঃখজনক। তিনি আরও যোগ করেন যে, মদ্রিচ তার সামর্থ্য ও চরিত্রের প্রমাণ দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়ে গেছেন। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজও মদ্রিচের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি বলেন, ‘তার উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে।’

মার্তিনেজ আরও বলেন, মদ্রিচ বিশ্বের কোটি কোটি শিশুকে অনুপ্রাণিত করেছেন। খুব কম খেলোয়াড়ই আছে যারা বল থামিয়ে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আর মদ্রিচ তার অন্যতম সেরা উদাহরণ। বয়সের ভার সত্ত্বেও তিনি এখনো তরুণের মতো ফুটবল খেলছেন বলে মন্তব্য করেন পর্তুগাল কোচ। উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে রানার্সআপ এবং ২০২২ কাতার বিশ্বকাপে তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার পেছনে মদ্রিচের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।