অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডালাসে মিশরের কোচিং স্টাফের সঙ্গে স্থানীয় পুলিশের অনাকাঙ্ক্ষিত হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মিশরের ফুটবলার ত্রেজেগের সঙ্গে এক ভক্তের ছবি তোলার মুহূর্তেই পুলিশি বাধার মুখে পড়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সূত্রপাত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছবি তুলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এবং আর্জেন্টিনার ‘টিওয়াইসি স্পোর্টস’-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশের আচরণে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন মিশরের প্রধান কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান। দায়িত্বরত কর্মকর্তার কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে তিনি পুলিশের বাধার সম্মুখীন হন এবং এক পর্যায়ে তাকে ধাক্কা দেওয়া হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন মিশরের প্রধান কোচ হোসাম হাসানও এই ঘটনায় জড়িয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে মিশর দলের সদস্যদের দিকে তেড়ে আসছেন। পরে ওই পুলিশ কর্মকর্তার সহকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত আশপাশের মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোচ হোসাম হাসানকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
মিশর ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মিশর শেষ ৩২ দলের রাউন্ডে আজ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজ বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।

