ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়ন নিয়ে গঠিত নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এই নতুন উপজেলা গঠনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক আনন্দ মিছিল ও গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা দেওয়া হয়, যেখানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
জানা গেছে, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এই নতুন উপজেলা গঠনের প্রস্তাবটি অনুমোদন করা হয়। এর ফলে ময়মনসিংহ জেলায় বিদ্যমান ১৩টি উপজেলার সঙ্গে যুক্ত হয়ে এটি ১৪তম উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী, যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার উদ্দিন, যুবদলের আহ্বায়ক সরদার মো. খুররম এবং সংসদ সদস্যের সহধর্মিণী শামীমা সুলতানাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, পাগলা থানা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই দাবি বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি আরও জানান, নতুন উপজেলা গঠনের পাশাপাশি ময়মনসিংহের সঙ্গে ফোর লেন সড়ক, একাধিক ডাবল লেন সড়ক, হাসপাতাল ও টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাবও করা হয়েছে।

