তেহরানে খামেনির শোক অনুষ্ঠানে বাংলাদেশের স্পিকারের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তেহরানে আয়োজিত একটি রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত এই ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজনে তিনি শোক বইতে স্বাক্ষর করেন এবং শোকাহত ইরানি জাতির প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এই সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং অন্যান্য উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ–এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্পিকার বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি তিনি ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

পরে স্পিকার ইরানের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখানে ক্রিকেটসহ খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের যুব ও ক্রীড়া খাতে অভিজ্ঞতা বিনিময় এবং উন্নয়ন সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হয়।

পরবর্তীতে ইরান রেডিওর বাংলা বিভাগের সঙ্গে একটি সাক্ষাৎকারে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ–ইরান সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস সেবার উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের আশ্বাস প্রদান করেন।