জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা সব শিক্ষক ও কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু খায়ের মো. কামাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কলেজটির ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ওই কক্ষে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শেষে নুসরাত জাহান নামের এক পরীক্ষার্থী জানান, সারা দেশে একটি প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও তাদের কক্ষে ভিন্ন প্রশ্নপত্র দেওয়া হয়। এর ফলে তারা পাস করবেন কি না কিংবা জিপিএ-৫ পাবেন কি না, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন।
এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর জানান, শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা কলেজে এসেছেন এবং তাদের সাথে আলোচনা চলছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অধ্যক্ষ আরও ব্যাখ্যা করেন, তাদের কাছে আসা প্রশ্নপত্রের প্রতিটি বান্ডেলের উপরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল, কিন্তু ভেতরে ছিল ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন। পরীক্ষা শুরুর আগে বান্ডেলগুলো যাচাই করার সুযোগ না থাকায় সেগুলো পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। মূলত অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নপত্রগুলো ছিল বলে ধারণা করা হচ্ছে।
আমরা ১০০ জন অন্য একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিলাম।

