আর্জেন্টিনার হার নিয়ে ভবিষ্যদ্বাণী করে ট্রোলের মুখে ঘানার তান্ত্রিক

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নানা ধরনের আজব সব ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছিলেন ঘানার এক তান্ত্রিক, যার নাম নানা কওয়াকু বোনসাম। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তার করা এক চরম ভবিষ্যদ্বাণী এখন তার পেশাগত জীবনের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচের আগে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন যে, মেসিদের বিদায় করে ম্যাচটি আফ্রিকান দল কেপ ভার্দেই জিতবে। কিন্তু মাঠের লড়াইয়ে তার সেই আধ্যাত্মিক বাণীকে ভুল প্রমাণ করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা এবং শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করে। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ট্রোলের শিকার হচ্ছেন এই স্বঘোষিত জ্যোতিষী।

এর আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ওপর অভিশাপ দেওয়ার দাবি করেছিলেন বোনসাম, যেখানে গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে কেইন গোল পাননি। এছাড়া নকআউটের প্রথম রাউন্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল জিতবে বলেও তিনি সঠিক অনুমান করেছিলেন। তবে লিওনেল মেসির আর্জেন্টিনার বিদায়ের গল্প ফাঁদতে গিয়েই তিনি বিপত্তিতে পড়েন। তার এই দুঃসাহসিক দাবি ফুটবল বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। অনেকে একে পাগলামি বলে উড়িয়ে দিলেও, তার অতীতের রেকর্ডের কারণে কিছুটা শঙ্কা কাজ করছিল ভক্তদের মনে।

ম্যাচ যত ঘনিয়ে আসে, নিজের করা ভবিষ্যদ্বাণী নিয়ে হয়তো নিজেই দোটানায় পড়ে যান এই তান্ত্রিক। আর তাই ভোল বদলে হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির প্রতি ভালোবাসা জাহির করতে শুরু করেন তিনি। ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে বোনসাম লেখেন, “নানা কওয়াকু বোনসাম তোমাকে ভীষণ ভালোবাসে, আমার ভাই মেসি। ‘কোফি’-এর সব শক্তি তোমার সঙ্গে থাকুক। তোমার শক্তি অটুট থাকুক।” এক মুখে আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজানো আর অন্য মুখে খোদ অধিনায়কের জন্য এমন ‘আধ্যাত্মিক দোয়া’ করার এই দ্বিচারিতা দেখে সামাজিক মাধ্যমে হাসির রোল উঠেছে।